চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, যাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা, দক্ষতা, সফল দেশ পরিচালনা ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন, তাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে ১২০ মুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও ১০ হাজার টাকা তুলে দেন মেয়র।
মেয়র আ জ ম নাছির, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন এখনো পূরণ হয়নি। জাতির পিতার এই স্বপ্ন পূরণে মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাঁরা নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনতা স্বপক্ষে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন।
সিটি মেয়র আরও বলেন, ‘বাংলাদেশ আর পাকিস্তানি ভাবধারায় পরিচালিত হবে না। এই দেশ আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়ার মতো অকার্যকর রাষ্ট্র হোক তা আমরা কেউ চাই না। তাই আসুন, বিজয়ের মাসে আনুষ্ঠানিকতার মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে মাটি ও মানুষকে ভালোবেসে আমরা সবাই দেশপ্রেম উদ্বুদ্ধ হই।’

চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেন, ‘স্বাধীনতার ৪৪ বছর পরও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলা হয়। যা মুক্তিযুদ্ধের অবমাননা ছাড়া আর কিছুই নয়। এ সমস্যা কাটানোর জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ থাকবে, তাঁরা যেন যুদ্ধদিনের স্মৃতিকথা লিখে যান। লিখতে না পারলে রেকর্ড করা হোক। এসব ভবিষ্যতে থেকে যাবে। মুক্তিযুদ্ধ নিয়ে যখন প্রশ্ন তোলা হয়, তখন একজন বাঙালি হিসেবে আমার কষ্ট হয়।’
চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ওলেগ পি. বয়কো বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে বন্দরের জাহাজ আসা-যাওয়ার পথ নিরাপদ করতে বাংলাদেশের ডাকে সোভিয়েত ইউনিয়ন সাড়া দিয়েছিল।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মেয়রের কাছে কিছু দাবি পেশ করেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সভাপতি মোজাফফর আহমেদ। দাবিগুলো হচ্ছে, দারিদ্র্যসীমার নিচে থাকা মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা, মুক্তিযুদ্ধে শহীদদের নামে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কের নামকরণ করা এবং নগরের প্রতিটি থানায় শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ ইত্যাদি। মেয়র আ জ ম নাছির পর্যায়ক্রমে এসব দাবি পূরণের আশ্বাস দেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে ও মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। অনুষ্ঠানে সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের লিখিত শুভেচ্ছা বক্তব্য পাঠ করা হয়। অসুস্থতার কারণে বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন।
জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে মুক্তিযুদ্ধ ও সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্বাধীনতার ৪৪ বছর পূর্তি উপলক্ষে মঞ্চের সামনে রাখা ৪৪টি প্রদীপ প্রজ্বলন করেন মুক্তিযোদ্ধারা।