চট্টগ্রামে বুদ্ধিজীবী দিবস পালিত
আলোচনা সভা, স্মৃতিচারণা ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে।বিভিন্ন সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি জানিয়েছেন। তাঁরা জানান, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এই বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত জোটবদ্ধ হয়েছে। এসব রুখে দাঁড়াতে হবে।এ ছাড়া মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কোতোয়ালি থানা কমিটির আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে সভায় আলোচকেরা জানান, বর্তমান সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রতিক্রিয়াশীল ধর্ম-ব্যবসায়ীদের আরও চক্রান্তে লিপ্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। আলোচনার অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ফসিউল আলম, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম, উত্তম চৌধুরী, কমরেড অমৃত বড়ুয়া, অমল নাথ, প্রদীপ ভট্টচার্য প্রমুখ।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকেলে শিল্পকলা একাডেমী আমরা মুক্তিযোদ্ধার সন্তান, উদীচী, প্রমা, দৃষ্টি পৃথক অনুষ্ঠানমালার আয়োজন করে।