চট্টগ্রামে বুধবার আবাসন মেলা শুরু
‘বসবাসে চাই সবুজ পৃথিবী’—এই স্লোগান নিয়ে আগামী ২ মে চট্টগ্রামে শুরু হচ্ছে চার দিনের ‘প্রান্তিক রিয়েল এস্টেট ফেয়ার-২০১২’। মেলা উপলক্ষে গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রান্তিক কমিউনিকেশনের প্রধান নির্বাহী মেহেদী হাসান বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের সবকিছুই রাজধানীকেন্দ্রিক। মানুষের মৌলিক চাহিদা আবাসন। এ খাতে উন্নয়নের ধারাকে সারা দেশে ছড়িয়ে দিতেই চট্টগ্রামে মেলার আয়োজন।’ প্রান্তিক কমিউনিকেশনের উদ্যোগে এ নিয়ে পঞ্চমবারের মতো আবাসন মেলার আয়োজন হচ্ছে। এবারের মেলায় ৪১টি আবাসন শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় স্টলের সংখ্যা ৬০টি। চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মেলা চলবে আগামী ৫ মে পর্যন্ত। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২ মে বিকেল পাঁচটায় মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। মেলা উপলক্ষে বয়স ও বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফ্রি মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের মেলার ইভেন্ট পার্টনার বসুধা বিল্ডার্স লিমিটেড আর মিডিয়া পার্টনার এটিএন বাংলা, দৈনিক আজাদী ও রেডিও টুডে।