চট্টগ্রামে বৃক্ষ, বই ও মৎস্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে। তাদের সুন্দর ভবিষ্যতের জন্য অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত বৃক্ষ, বই ও মৎস্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানস্থলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তাঁর রক্ত ও আদর্শের উত্তরাধিকারী শেখ হাসিনা সম্পন্ন করে যাচ্ছেন। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের দায়িত্ব নেবে। তারা দেশ ও জাতীয় পতাকাকে ভালোবাসবে।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সবাই পড়ালেখা করবে। তাঁরা নিজ নিজ জায়গায় সাফল্য অর্জন করে দেশের সুনাম বয়ে আনবে।’
মেলার আয়োজকেরা জানান, মেলায় বই, মৎস্য ও নার্সারির বিভিন্ন স্টল রয়েছে। ২০ ডিসেম্বর পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।
শিশুদের পাঠশালায় মন্ত্রীরা: মেলায় শিশুদের পাঠশালা নামের একটি স্টল খোলা হয়েছে। গতকাল বিকেলে সেখানে প্রায় ১২০ জন সুবিধাবঞ্চিত শিশু উপস্থিত ছিল। স্টলে যান দুই মন্ত্রী ও সাবেক মেয়র। সেখানে তাঁরা শিশুদের সঙ্গে কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শিশুদের উদ্দেশে বলেন, ‘আমরা তোমাদের দেখতে এসেছি। তোমাদের ভালো করে পড়ালেখা করতে হবে। দোয়া করি, তোমরা ভালোভাবে পড়ালেখা করে সত্যিকারের মানুষ হও। দেশের জন্য কাজ করবে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য দিতে এসে শিশুরা কে কী হবে জানতে চান। তখন কেউ অফিসার, কেউ পাইলট কেউবা চিকিৎসক হওয়ার কথা জানান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীও তাঁদের পড়ালেখা করে ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।