চট্টগ্রামে বৃদ্ধাকে খুনের দায়ে মৃত্যুদণ্ড ৪
চট্টগ্রামে এক বৃদ্ধাকে খুনের দায়ে চার আসামির মৃত্যুদণ্ড এবং অন্য পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে প্রত্যেক আসামির ৪০ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক। গতকাল রোববার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মং এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন আবু মোকাররম, শাহ আলম ও শাহ আলমের স্ত্রী জোহরা খাতুন এবং শহীদুল ইসলাম। তাঁরা সবাই কারাগারে আছেন। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাঁচ আসামি হলেন মোহাম্মদ আরিফ, মিন্টু দাশ, ইউনূস, সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। তাঁদের মধ্যে মিন্টু ও সাইফুল ছাড়া অন্যরা পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খোরশেদ আলম, মনোয়ারা বেগম, কামরুন্নাহার ও আবু সালেককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।আদালত সূত্র জানায়, দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বৃদ্ধা চেমন আরা বেগমকে ২০০৯ সালের ১০ নভেম্বর বিকেলে ঘর থেকে ডেকে নিয়ে যান ভণ্ড বৈদ্য আবু মোকাররম। পরে রাতের দিকে মোকাররমসহ আরও কয়েকজন চেমন আরাকে শ্বাসরোধ করে খুন করেন। হত্যাকারীরা চন্দনাইশে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পশ্চিম পাশে ধানখেতে লাশটি ফেলে রেখে যায়। পরদিন ১১ নভেম্বর পুলিশ লাশ উদ্ধার করে। নিহত চেমন আরা চট্টগ্রামের আইনজীবী নজরুল ইসলামের মা। এই ঘটনায় ২০০৯ সালের ১১ নভেম্বর আইনজীবী নজরুল ইসলাম সাতজনকে আসামি করে চন্দনাইশ থানায় মামলা করেন। প্রথমে চন্দনাইশ থানার পুলিশ এবং পরে সিআইডি তদন্ত করে ২০১০ সালের ৭ আগস্ট আদালতে ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। ওই বছরের ১৮ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। পরে আদালত ৩৮ জনের সাক্ষ্যের ভিত্তিতে নয়জনকে দোষী সাব্যস্ত করেন। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘আমাদের এক সহকর্মীর মা খুন হন চন্দনাইশে। ১৩ আসামির মধ্যে নয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আদালত চারজনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।’