চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে টানা পাঁচ দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কালবৈশাখী ঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরও ভারী বর্ষণ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে এই দুই বিভাগে পাহাড়ধসের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকালে ঝলমলে রোদ উঠলেও দুপুর থেকে শুরু হয় মূলত ভারী বর্ষণ ও দমকা বাতাস। পাঁচ দিন ধরে এই বৃষ্টিপাত চলছে। এদিকে গভীর সঞ্চালনশীল মেঘমালা এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে দেশের তিন সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া দপ্তর জানায়।