চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত, তিন নম্বর সতর্কসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাঁচ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কালবৈশাখীর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরও ভারী বর্ষণ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে এই দুই বিভাগে পাহাড়ধসের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, আজ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকালে ঝলমলে রোদ থাকলেও দুপুর থেকে শুরু হয় ভারী বর্ষণ ও দমকা বাতাস। পাঁচ দিন ধরে এ বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানায়, গভীর সঞ্চালনশীল মেঘমালা এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রয়েছে। বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও পাশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।