চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল ভোর থেকে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়৷ এ কারণে নগরবাসীকে দুর্ভোগে পড়তে হয়৷ ছবিটি বেলা সাড়ে ১১টায় বহদ্দারহাট থেকে তুলেছেন সৌরভ দাশ
চট্টগ্রামে গতকাল ভোর থেকে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়৷ এ কারণে নগরবাসীকে দুর্ভোগে পড়তে হয়৷ ছবিটি বেলা সাড়ে ১১টায় বহদ্দারহাট থেকে তুলেছেন সৌরভ দাশ

মাঝারি থেকে ভারী বর্ষণে গতকাল রোববার চট্টগ্রাম মহানগরের দুই-তৃতীয়াংশ এলাকা ডুবে গেছে। বিভিন্ন স্থানে হাঁটু থেকে বুকসমান পানি জমেছে। এতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে৷ এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রসহ দুজন মারা গেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সূত্রে জানা যায়, নগরের জলাবদ্ধতা নিরসনে গত চার অর্থবছরে প্রায় ১৫০ কোটি টাকা খরচ করা হয়েছে৷ কিন্তু তাতে যে জলাবদ্ধতা নিরসন হয়নি বরং কিছু জায়গায় বেড়েছে—নগরের একাংশ ডুবে যাওয়া সেটাই প্রমাণ করে৷
জলাবদ্ধ নগরে দুর্ভোগ: আবহাওয়া দপ্তর বলছে, চলতি মৌসুমে এটিই প্রথম ভারী বৃষ্টিপাত৷ গতকাল ভোর থেকে টানা বৃষ্টিতে নগরের ষোলশহর, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, হালিশহর, চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, পাঁচলাইশ, চাক্তাই, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএসহ বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে।
সরেজমিনে দেখা যায়, বহদ্দারহাট থেকে ষোলশহর পর্যন্ত কোথাও হাঁটুসমান আবার কোথাও বুকসমান পানি জমেছে৷ সড়কে যানবাহন নেই। পথচারীদের অনেকেই পানি ডিঙিয়ে গন্তব্যে ছুটছেন৷ একই পরিস্থিতি বহদ্দারহাট-চকবাজার সড়কেরও। আগ্রাবাদ সিডিএ এলাকায় পানি জমায় সিডিএ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী লোকজন, শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থীরা৷ গতকাল ছিল এইচএসসির কম্পিউটার শিক্ষা বিষয়ের পরীক্ষা। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয় অনেক পরীক্ষার্থীকে। চট্টগ্রাম সরকারি হাজী মুহম্মদ মুহসিন কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী নেহলিন হক বলেন, ‘পরীক্ষা শুরুর ৪০ মিনিট আগে লালখান বাজার বাসা থেকে বেরিয়েছি। গাড়ি পেতে দেরি হওয়ায় কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায়।’ নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা রবিউল হোসেন বলেন, ‘আমার এলাকায় কোমরসমান পানি উঠেছে। অনেক শিক্ষার্থী বাসা থেকে বের হয়নি। তবে পরীক্ষার্থীরা পানি ডিিঙয়ে পরীক্ষা দিতে যায়৷’ চান্দগাঁও এলাকার বাসিন্দা আশিস কুমার নাথ বলেন, ‘বাসা থেকে খাতুনগঞ্জের কর্মস্থলে যেতে আমার ভাড়া লাগে ৬০ টাকা। কিন্তু বৃষ্টির কারণে দেড় শ টাকা ভাড়া দিয়ে কর্মস্থলে গিয়েছি। তা-ও এক ঘণ্টা দেরিতে পৌঁছাই।’
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: নগরের ফিরিঙ্গি বাজার এলাকায় গতকাল বেলা দুইটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। এদের একজন জেএমসেন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. ইশতিয়াক (১৫) এবং অপরজন স্থানীয় বাসিন্দা গোবিন্দ দত্ত (৪০)।
৩ নম্বর সংকেত: আবহাওয়া দপ্তর সূত্র জানায়, গতকাল বেলা তিনটা পর্যন্ত পূর্ববর্তী নয় ঘণ্টায় রেকর্ড ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সূত্র জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে বৃষ্টি হচ্ছে৷ এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
দেড় শ কোটি টাকার সুফল মেলেনি: চসিক মেয়র মোহাম্মদ মন্জুর আলম দায়িত্ব নেওয়ার পর চার অর্থবছরে প্রায় ১৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেন৷ সিটি করপোরেশনের দাবি, বেশির ভাগ প্রকল্পই বাস্তবায়িত হয়েছে৷
কিন্তু জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়াকে দায়ী করছেন নগর

পরিকল্পনাবিদ ও নগরবাসী। করপোরেশনের বাজেট বিশ্লেষণ করা দেখা গেছে, জলাবদ্ধতা নিরসনে চার বছরে ব্যয় করেছে ১৪৭ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ১৪১ কিলোমিটার নালা-নর্দমা থেকে মাটি উত্তোলন ও অপসারণ করা হয়। এ সময় নগরে নালা-নর্দমা নির্মাণ করা হয় ১২১ কোটি ৮৭ লাখ কিলোমিটার। এতে ব্যয় হয় ২১ কোটি। নগরের বিভিন্ন খালে ২৯কোটি টাকায় ৩২ কিলোমিটার প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হয়। এ ছাড়া ৩৩ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির পানি অপসারণের জন্য নগরে পর্যাপ্ত নালা-নর্দমা নেই। তাই ঘণ্টা দুয়েকের জন্য পানি জমে গেছে।’ তিনি দাবি করেন, চাক্তাইসহ বিভিন্ন খাল খনন করায় এবার জলাবদ্ধতা হয়নি; যা হয়েছে, তা সাময়িক জলজটমাত্র।
তবে সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, চাক্তাই খালের অধিকাংশ জায়গায় খননকাজ হয়নি। এপ্রিল পর্যন্ত পানিনিষ্কাশনের প্রধান এই খালের মাত্র ৭০ শতাংশ খনন করা হয়। নামমাত্র খনন করায় মুরাদপুরের মির্জা খাল কিছুদিনের মধ্যে ভরাট হয়ে যায়। গতকালের বৃষ্টিতে সকালেই এই খালের পানি উপচে ডুবে যায় বহদ্দারহাট ও মুরাদপুর এলাকা।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের নির্বাহী সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘দেড় শ কোটি টাকা ব্যয়ের সুফল নগরবাসী পায়নি৷ ১৯৯৫ সালে প্রণীত ড্রেনেজ মহাপরিকল্পনা এখনো বাস্তবায়িত হয়নি। আর জলাবদ্ধতা নিরসনে করপোরেশন কোনো রকমে দৈনন্দিন কাজ করে দায় সারে। তাই এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়৷’
তবে জলাবদ্ধতা নিরসনে দেড় শ কোটি টাকার কাজ হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন মেয়র৷ তিনি বলেন, ‘কত টাকার কাজ হয়েছে, এই মুহূর্তে বলতে পারছি না।’