চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত, ৩ নম্বর সংকেত বহাল
চট্টগ্রামে টানা তিন দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে নগরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। আবহাওয়া দপ্তরের ঘোষণা করা ৩ নম্বর সতর্কতা সংকেত গতকালও বলবৎ ছিল।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে টানা এই বর্ষণ চলছে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। চট্টগ্রাম ছাড়াও সন্দ্বীপে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া একই সময়ে কুমিল্লায় ১২৩ মিলিমিটার, রাঙামাটিতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরসমূহ এবং তৎ সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।