চট্টগ্রামে বৃষ্টির মধ্যে ঈদের নামাজ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুষলধারে বৃষ্টির মধ্যেই গত সোমবার বন্দরনগর চট্টগ্রামে ঈদুল ফিতরের নামাজ হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের মুসল্লি নগরের মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করেন। চট্টগ্রামে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ মসজিদে।প্রতিবারের মতো মসজিদ প্রাঙ্গণে শামিয়ানা টানিয়ে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। কিন্তু গত রোববার রাত থেকে টানা বৃষ্টিতে মাঠে ঈদের নামাজ আদায় করা সম্ভব হয়নি। এ কারণে মসজিদের ভেতরেই মুসল্লিরা ঈদের নামাজ পড়েন। জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের নামাজে ইমামতি করেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী। এই মসজিদে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, সিটি মেয়র মন্জুর আলম, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলায়মান আলম শেঠ প্রমুখ নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতা চট্টগ্রামের উন্নয়ন ও বন্দর প্রশ্নে কথা বলেছেন একই সুরে। আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বন্দরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চক্রান্ত চলছে। ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে লুটপাট চলছে। চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বন্দর নিয়ে যে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে, চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করতে হবে। এ বন্দরকে ধ্বংস করতে বিভিন্ন শক্তি উঠে পড়ে লেগেছে। অতীতের মতো তাদের মোকাবিলা করতে হবে।’ চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরে ১৪০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে সর্বস্তরের মানুষ কোলাকুলি, কুশল বিনিময় ও করমর্দন করেন। ঈদ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল, এতিমখানা এবং জেলা প্রশাসনের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলোতে বিশেষ খাবারের আয়োজন করা হয়।