চট্টগ্রামে বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের হরতাল
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ দলের জ্যেষ্ঠ নেতাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে নগর স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার বিকেলে কাজীর দেউড়ি মোড়ে সমাবেশ থেকে স্বেচ্ছাসেবক দল হরতালের ঘোষণা দেয়।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ৩৬ ঘণ্টা হরতালের সমর্থনে গতকাল বিকেলে কাজীর দেউড়ি মোড়ে এই সমাবেশ হয়। সমাবেশে সাবেক সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস কে খোদা, নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সবুর, বিএনপির নেতা আবদুস সাত্তার প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা আবদুল্লাহ আল নোমানসহ সব জাতীয় নেতার নিঃশর্ত মুক্তির দাবি করেন।অন্যদিকে নোমানপন্থী হিসেবে পরিচিত একটি পক্ষ নগরের কাজীর দেউড়ি মোড়ে পৃথক সমাবেশ করে। এই সমাবেশ থেকে বৃহস্পতিবার হরতালের ঘোষণা দেওয়া হয়। এস কে খোদা প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে আবদুল্লাহ আল নোমানের অনেক অবদান। তাই নোমানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আমরা বৃহস্পতিবার চট্টগ্রাম নগরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি।’