চট্টগ্রামে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেছে গোল্ডেন হরাইজেন নামের একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক। গতকাল সোমবার রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত তাঁরা নগরের পলিটেকনিক মোড়ে অবস্থান নেন। এতে সড়কের দুদিকে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান প্রথম আলোকে জানান, কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। তাঁদের মার্চ মাসের বেতন গতকাল দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন না দেওয়ায় সন্ধ্যার দিকে শ্রমিকেরা কারখানার ভেতর বিক্ষোভ করেন। পরে রাত আটটার দিকে পলিটেকনিক মোড়ে এসে অবস্থান নেন। পরে মালিকপক্ষ বুধবারের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা রাত সাড়ে নয়টার দিকে অবরোধ তুলে নেন।
পোশাক কারখানাটির ব্যবস্থাপক শওকত হোসেন দাবি করেন, বেতন-ভাতা দেওয়া নিয়ে এই কারখানায় কোনো সমস্যা হয় না। কিন্তু এবার ব্যাংক থেকে টাকা তুলতে একটু ঝামেলা হয়েছে। তাই বেতন দেওয়া যায়নি। তিনি জানান, তবে বুধবারের মধ্যে বেতন পরিশোধ করা হবে।