চট্টগ্রামে বেসরকারি শিক্ষকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়েছে। ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সুনীল চক্রবর্তী। বক্তব্য দেন শিক্ষক নেতা মো. জাহাঙ্গীর, সৈয়দ লকিতুল্লা, এমদাদুল ইসলাম, জানে আলম, অঞ্চল চৌধুরী, জহুরুল ইসলাম, আবুল মনসুর, এস এম ইকবাল প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আশা করেছিলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে নতুন বেতন স্কেলে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা পাবেন। কিন্তু সরকারের মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও শিক্ষকদের যৌক্তিক দাবির কোনো সমাধান হয়নি। বক্তারা বেসরকারি শিক্ষকদের এসব মানবিক দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।১৭ দাবির মধ্যে শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন, সরকারি শিক্ষক-কর্মচারীদের সমপরিমাণ বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়িভাড়া, উৎসবভাতা, চিকিৎসাভাতা দেওয়া, চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য চাকরিবিধি চালু ও কমপক্ষে দুটি টাইমস্কেল চালু অন্যতম।