চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে সেবা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে চিকিৎসকদের সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে রোগীরা।
গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শিক্ষক সমিতি কার্যালয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভা শেষে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিএমএর চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান বলেন, ‘আমরা দুপুরে বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখব। এ ছাড়া অপারেশনও করা হবে না। তবে সরকারি হাসপাতালে সেবাদান অব্যাহত থাকবে। ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।’
তবে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ থাকলেও চিকিৎসকেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত সময়ের পরও রোগী দেখবেন বলে জানিয়েছেন মুজিবুল হক। তিনি বলেন, ‘আমরা বিকেলে হাসপাতালের সম্মেলনকক্ষে থাকব। সেখান থেকে জটিল রোগীদের ওয়ার্ডে গিয়ে দেখব।’
চমেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (কার্ডিওলজি) রিজোয়ান রেহান বলেন, ‘প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকলেও আমরা হাসপাতালে রোগী দেখছি।’
গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে চমেক হাসপাতালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক শামীমা সিদ্দিকী ও তাঁর স্বামী মাহবুবুল আলমের বিরুদ্ধে মামলা করা হয়। তাঁদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়। ১০ জানুয়ারি নগরের একটি বেসরকারি হাসপাতালে মেহেরুন্নেছা নামের এক প্রসূতি সন্তান প্রসবের পর মারা যান। মেহেরুন্নেছার অস্ত্রোপচার করেছিলেন শামীমা সিদ্দিকী ও মাহবুবুল আলম।
একই দিন চমেক হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার রানা চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। মামলায় অস্ত্রোপচারের সময় রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগ আনা হয়।
এদিকে চিকিৎসকদের এ কর্মসূচির কারণে চরম দুর্ভোগে পড়েছে রোগীরা। রোগীদের গতকাল বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র থেকে ফিরে যেতে দেখা যায়।
গতকাল চিকিৎসার জন্য লক্ষ্মীপুর থেকে নগরের প্রবর্তক এলাকার একটি বেসরকারি হাসপাতালে এসেছিলেন সালেহউদ্দিন নামের এক রোগী। কিন্তু এসে জানতে পারেন চিকিৎসক চেম্বারে বসবেন না।
নগরের চরপাথরঘাটা এলাকার মোরশেদুর রহমান তাঁর বড় ভাইকে নিয়ে গতকাল সন্ধ্যায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে যান। কিন্তু কোথাও তাঁকে ভর্তি করাতে পারেননি। মোরশেদুর রহমান বলেন, ‘বুকে ব্যথা অনুভব করায় বড় ভাইকে এনেছিলাম। কিন্তু কোথাও ভর্তি নিচ্ছে না। সবাই বলছে, বড় ডাক্তাররা নাই।’
এর আগে ২০১৩ সালে চিকিৎসায় অবহেলার অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হওয়ার পর একই ধরনের কর্মসূচি দিয়েছিল বিএমএ।