চট্টগ্রামে বৈজ্ঞানিক সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। নগরের এক হোটেলে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ৩০০ বিজ্ঞানী ও গবেষক অংশ নিচ্ছেন। প্রথম দিন তিনটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এবং উদ্বোধক হিসেবে স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা আসেননি। এ প্রসঙ্গে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীতীশ চন্দ্র দেবনাথ লিখিত বক্তব্যে জানান, প্রধান অতিথি আকস্মিক অসুস্থতা ও স্বাস্থ্য উপদেষ্টা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, ‘গত এক দশকে আমরা ইনফ্লুয়েঞ্জা, নিপাহ্, সোয়াইন ফ্লুসহ বিভিন্ন ভাইরাস মোকাবিলা করেছি। বর্তমানে এর সঙ্গে যুক্ত হয়েছে অ্যানথ্রাক্স। বর্তমান সময়ে প্রাণিদেহের রোগ মানবদেহে ছড়াচ্ছে। এসব বিষয়ে এ সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানীরা আলোকপাত করবেন এবং করণীয় নির্ধারণ করবেন।নীতীশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার মণ্ডল, যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ান টেলর, ভারতের মাদ্রাজ ভেটেরিনারি কলেজের ডিন আর প্রভাকরণ, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রধান আই পি দকল, পাকিস্তানের করাচি ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ডিন নাসিম আহমেদ এবং শ্রীলঙ্কার পেরেদেনিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন প্রেনি অভিনাইকি প্রমুখ।এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ধরা হয়েছে ‘এক বিশ্ব-এক স্বাস্থ্য বাস্তবায়নে নেটওয়ার্কিং-এর প্রয়োজনীয়তা।’ সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ডেনমার্কসহ বিভিন্ন দেশের ৩০০ বিজ্ঞানী ও গবেষক অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।