চট্টগ্রামে বৈশাখী মেলা আনুষ্ঠানিকভাবে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলীখেলা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলা আনুষ্ঠানিকভাবে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। তবে মেলা শেষ হলেও দূর-দূরান্তের ব্যবসায়ীরা আজ বুধবারও তাঁদের অবশিষ্ট পণ্যসামগ্রী বেচাকেনার জন্য লালদীঘি মাঠ ও ফুটপাতে বসবেন বলে ধারণা করা হচ্ছে।গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মেলায় সাধারণ নারী-পুরুষের ভিড় ছিল। একদিকে বিকিকিনি, অন্যদিকে ছিল চরকি দোলনাসহ নানা খেলার সামগ্রী। প্রতিবারের মতো এবারও মেলায় সবচেয়ে বেশি কদর ছিল হাতপাখার। তীব্র গরমে অতিষ্ঠ মানুষের হাতে হাতে দেখা গেছে হাতপাখা। এর আগে গত সোমবার লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলীখেলা বা কুস্তি প্রতিযোগিতা।জব্বারের বলীখেলা উপলক্ষে প্রতিবছর দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা অংশ নিতে চট্টগ্রামের লালদীঘি মাঠ ও আশপাশে ভিড় করেন। ঝাড়ু, দা, বঁটি, হাঁড়ি-পাতিল, হস্ত ও কুটির শিল্পজাত সামগ্রী, শীতলপাটি, খেলনা, গাছের চারা, গৃহসজ্জার জিনিসপত্র, আসবাবসহ বিভিন্ন সামগ্রী মেলায় দেখা গেছে।মেলা কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ‘মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা বুধবার সকালের মধ্যে মেলা প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেছি।’