চট্টগ্রামে বৈশাখী মেলা শুরু, জব্বারের বলীখেলা আজ
ঐতিহাসিক জব্বারের বলীখেলা উপলক্ষে চট্টগ্রাম নগরের লালদীঘির মাঠ ও আশপাশের এলাকায় গতকাল রোববার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। মেলার দ্বিতীয় দিনে আজ সোমবার অনুষ্ঠিত হবে বলীখেলা। মেলা সামনে রেখে দুদিন আগে থেকেই দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে ভিড় করতে থাকেন। গৃহস্থালির সামগ্রী, গৃহসজ্জা, ফুলের চারা, আসবাব, খেলনা, খাবারসামগ্রী, ঝাড়ু, পাপোশ, কুটিরশিল্প, শীতলপাটি, মাদুর, হাঁড়ি-পাতিল ইত্যাদি নানা বর্ণের পণ্যের সমাহার শতবর্ষী এই মেলায়। বেচা-বিক্রির পাশাপাশি ব্যবসায়ীরা তাঁদের পণ্যগুলোকে আকর্ষণীয় করার কাজে ব্যস্ত। মেলায় এসে কেউ হস্তশিল্পজাত সামগ্রীতে রং করছেন, কেউবা শিশুদের খেলনা তৈরি করছেন আবার কেউবা ঝাড়ু ও হাতপাখা বাঁধছেন। গরমের কারণে এবার হাতপাখার কদর বেশি হবে বলে মনে করছেন বিক্রেতারা। চট্টগ্রামের চন্দনাইশের তালপাতার হাতপাখা এই অঞ্চলে বেশ সমাদৃত। তাই অতীতের মতো এবারও বেশ কিছু বিক্রেতা চন্দনাইশ থেকে হাতপাখা এনেছেন। তাঁদের একজন মো. হোসেন। তিনি জানান, ‘গত বছর ভালো হাতপাখা বিক্রি করেছি। এবার আরও বেশি হাতপাখা এনেছি।’ তালপাতার হাতপাখা প্রতি জোড়া ১৪০ থেকে ২২০ টাকা পর্যন্ত দাম হাঁকা হয়েছে। হাতপাখার পাশাপাশি ঝাড়ু ও শীতলপাটির চাহিদাও এবার বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সিলেট, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলের পাটি পাওয়া যাচ্ছে মেলায়। মেলায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন ব্যবসায়ীরা। মৃৎসামগ্রী নিয়ে আসা নরসিংদীর হারুন বলেন, ‘দেশের আর কোনো মেলায় এত বেশি লোকের সমাগম দেখা যায় না।’ মেলায় আসা ব্যবসায়ীদের কাছ থেকে যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে, সে জন্য গতকাল মেলা প্রাঙ্গণে মাইকিং করা হয়েছে। চাঁদাবাজ ঠেকানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মেলা কমিটির সভাপতি জহরলাল হাজারী।উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ‘মেলার ব্যবসায়ী ও দর্শণার্থীদের নিরাপত্তার জন্য নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’ আজ বলীখেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিশেষ অতিথি থাকবেন টিভিব্যক্তিত্ব শাইখ সিরাজ ও পুলিশ কমিশনার মো. আবুল কাশেম।