চট্টগ্রামে বোমা ফাটিয়ে জেএমবির সদস্যের পলায়ন, গ্রেপ্তার ১
চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জেএমবির অন্তত ছয়জন সদস্য পালিয়ে যান। গতকাল বুধবার সন্ধ্যায় আলীপুর হাসপাতাল গেট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসা থেকে জিহাদি বই ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে।হাটহাজারী থানার পুলিশ জানায়, জেএমবির গ্রেপ্তার হওয়া সদস্যের নাম শামীম হাসান (২২)। তাঁর বাড়ি লালমনিরহাটে। তিনি রিকশাচালকের বেশে ওই এলাকায় থাকতেন। জেএমবির সদস্যরা ১ ডিসেম্বর আলীপুরে শফির তিনতলা বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নেন।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শামীমের কাছ থেকে বোমা বা গ্রেনেড-সদৃশ চারটি বস্তু পাওয়া গেছে। এগুলো দেশে তৈরি বলে মনে হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর সবকিছু জানা যাবে।জানা গেছে, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক আলীপুরের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য শামীমের রিকশায় উঠতে চান। কিন্তু শামীম তাঁকে নিতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁর আচরণ ফারুকের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাঁর নাম-ঠিকানা জানতে চান। বাসা একই এলাকায় জেনে তিনি শামীমকে বলেন, ‘চলো, তোমার বাসায় যাব।’এসআই ফারুক জানান, তিনি শামীমকে নিয়ে আলীপুরে তাঁদের ভাড়া বাসায় যান। বাসায় ঢোকার মুখে তাঁদের দেখে ভেতরে থাকা একজন কাঁথা দিয়ে কিছু একটা আড়াল করার চেষ্টা করে। তখন তিনি দুজনকে তাঁর সঙ্গে থানায় যেতে বলেন। এরপর তিনি শামীমকে নিয়ে বাড়ি থেকে বের হন। এ সময় অন্য যুবকটি তাঁকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যান। বোমাটি লক্ষ্যচ্যুত হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এই সুযোগে শামীমও পালানোর চেষ্টা করেন।পুলিশ জানায়, খবর পেয়ে থানা থেকে আরও পুলিশ গিয়ে ওই বাসায় অভিযান চালিয়ে জিহাদি বই ও চারটি বোমা উদ্ধার করে। এ বাসায় আরও চার-পাঁচজন সদস্য ছিলেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘শামীম জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগীরা পালিয়ে যান।’