চট্টগ্রাম নগরের মোমিন রোড এলাকায় একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জোবায়ের রশীদ চৌধুরীর (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে পুলিশ ওই প্রতিষ্ঠান থেকে রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর বাড়ি রাঙ্গুনিয়ার রাজানগরে।পুলিশ সূত্রে জানা গেছে, বিজ্ঞাপনি ও ছাপাখানার ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটির নাম ফিউচার ইমেজ। মোমিন রোডের তিনতলা ভবনের দোতলায় ওই প্রতিষ্ঠানের কার্যালয়। প্রতিষ্ঠানের একটি কক্ষে থাকেন জোবায়ের। গত শনিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত ওই প্রতিষ্ঠানে ঢুকে রশীদকে খুন করে। তাঁরা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৩ হাজার টাকা ও একটি ল্যাপটপ নিয়ে যায়। জোবায়েরের পাশের কক্ষে ছিলেন প্রতিষ্ঠানের মেশিন অপারেটর আবদুল মোবিন (১৭)।মোবিন প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনের মতো রাত সাড়ে ১০টার দিকে জোবায়ের নিজের কক্ষে শুয়ে পড়েন। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি, তাঁর কক্ষ বাইরে থেকে আটকানো। পরে প্রতিষ্ঠানের অন্য কর্মচারীরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁর হাত-পা বাঁধা লাশ দেখতে পান।’ফিউচার ইমেজের ব্যবস্থাপনা পরিচালক সুকান্ত চৌধুরী বলেন, ‘জোবায়ের আট মাস ধরে তাঁদের প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। সকালে অন্য কর্মচারীরা অফিসে এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখে আমাকে খবর দেন। পরে দরজা খুলে দেখা যায়, জোবায়েরের মৃতদেহ পড়ে আছে।’পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা তালা ভেঙে ওই প্রতিষ্ঠানে ঢুকে প্রথমে জোবায়েরকে রশি দিয়ে বাঁধে। দুর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্টা করায় তাঁকে খুন করা হতে পারে। তবে পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না তাও পুলিশ তদন্ত করে দেখছে। জোবায়েরের চাচাতো ভাই এমরান চৌধুরী জানান, তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর সঙ্গে কারও বিরোধ ছিল না।চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এ হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। আমরা প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।’