চট্টগ্রামে ব্যবসায়ীকে অপহরণের মামলায় গ্রেপ্তার ২

চট্টগ্রামে খোরশেদ আলম নামের এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন নুর-ই-আয়েশা ও আবদুর রহিম। গত মঙ্গলবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) তারেক আহমেদ গত রাতে প্রথম আলোকে বলেন, গত ২৭ আগস্ট পাঁচলাইশ জঙ্গিশাহ মাজার এলাকার বাসিন্দা ও ডেইরি ফার্ম ব্যবসায়ী খোরশেদ আলম নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৩ সেপ্টেম্বর তাঁর স্বামীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুজনসহ ছয়জনকে আসামি করে আদালতে মামলা করেন। আসামিরা ওই ব্যবসায়ীর পূর্বপরিচিত। আদালত মামলাটি পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
তারেক আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, ২৭ আগস্ট রাতে নুর-ই-আয়েশার বাসায় খোরশেদ আলমসহ ছয়জন যান। সেখানে খোরশেদের মৃত্যু হয়। ভয়ে তাঁরা লাশটি পরিবারকে না দিয়ে বহদ্দারহাট কালারপুর এলাকার একটি খালে ফেলে দেন। পানির স্রোতে লাশটি ভেসে যায়।