চট্টগ্রামে ব্যবসায়ী নিখোঁজ
চট্টগ্রাম নগরে এস এম জসীম উদ্দিন নামের এক মোটর পার্টস ব্যবসায়ীকে গত শুক্রবার রাত থেকে খুঁজে পাচ্ছেন না তাঁর পরিবারের সদস্যরা। জসীম উদ্দিনের শ্বশুর গতকাল শনিবার নগরের ইপিজেড থানায় নিখোঁজ হওয়ার ব্যাপারে একটি ডায়েরি করেছেন। তবে জসীম উদ্দিনের স্ত্রী শাহানা ইয়াছমিন অভিযোগ করেছেন, তাঁর স্বামীকে অপহরণ করা হয়েছে।থানায় দায়ের করা ডায়েরিতে জসীম উদ্দিনের শ্বশুর মো. আবু তাহের উল্লেখ করেছেন, নগরের দক্ষিণ পতেঙ্গার নাজিরনগরে অবস্থিত তাঁর বাড়িতে ছিলেন মেয়ে ইয়াছমিন। শুক্রবার তাঁকে নিয়ে আসতে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন জসীম উদ্দিন। সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে ইয়াছমিনের সঙ্গে মুঠোফোনে কথা হয় জসীমের। তখন তিনি ইপিজেড মোড়ে ছিলেন বলে ইয়াছমিনকে জানান। কিন্তু এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এদিকে গতকাল সন্ধ্যায় শাহানা ইয়াছমিন প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়িক বিরোধের জের ধরে ব্যবসায়িক অংশীদারেরা আমার স্বামীকে অপহরণ করতে পারেন বলে আশঙ্কা করছি। এর আগে তাঁরা আমার স্বামীকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছিলেন।’ তিনি জানান, তাঁর স্বামীর মোটর পার্টসের দোকান রয়েছে। এক বছর ধরে শাহাবুদ্দিন আহাম্মদ, বিষ্ণুপদ পালিত ও কাজল বৈদ্যের সঙ্গে একত্রে ব্যবসা করে আসছিলেন। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ী জসীম উদ্দিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। গত ১৭ ফেব্রুয়ারি জসীম উদ্দিন পাহাড়তলী থানায় ব্যবসায়িক অংশীদারেরা তাঁকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে মামলা করেছিলেন।