আয়কর-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্পের ব্যবসায়ী মো. শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। দুদকের উপপরিচালক এম এম সাব্বির হাসান মঙ্গলবার সন্ধ্যায় নগরের ডবলমুরিং থানায় মামলাটি করেন। শওকতের বিরুদ্ধে প্রায় সাড়ে ৫৪ কোটি টাকার আয়কর-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।পুলিশ সূত্র জানায়, শওকত আলী ২০০৭-০৮ আয়কর বর্ষে তাঁর ১২২ কোটি ৫৬ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন। অথচ তাঁর মোট সম্পদ ২৩০ কোটি ৪৩ লাখ টাকা, যার মধ্যে ঋণের পরিমাণ ৫৩ কোটি ৪৮ লাখ টাকা। ফলে তাঁর নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৭৬ কোটি ৯৫ লাখ টাকা। এতে তিনি ৫৪ কোটি ৩৮ লাখ টাকার সম্পদ কম দেখিয়েছেন বলে দুদকের তদন্তে বেরিয়ে আসে।দুদক সূত্র জানায়, সম্পদের হিসাব কম দেখিয়ে শওকত আলী দুদক আইনের ২৭(১) ধারার লঙ্ঘন করেছেন। তাই তাঁর বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে।যোগাযোগ করা হলে ব্যবসায়ী শওকত আলী প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে দুদক মামলা করেছে বলে শুনেছি। আসলে কী অভিযোগে মামলা হয়েছে জানি না। অভিযোগের বিষয় জেনে নিই। তারপর কী করা যায় দেখা যাক।’ ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বলেন, ‘শওকত আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক একটি মামলা করেছে। আমরা সেটি থানায় নথিভুক্ত করেছি।’