চট্টগ্রামে ব্যবসায়ী হত্যায় চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর আগে চট্টগ্রামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ শাহাদাত হোসেন ভুঁইয়া এই রায় দেন।

আসামিরা হলেন আজিম উদ্দিন, শাহাদাত হোসেন, মিজানুর রহমান ও শাহাবুদ্দিন।

সরকারি কৌঁসুলি মনোরঞ্জন দাশ প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার হ্নীলা এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী জয়নাল আবেদীনকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জয়নালের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৭ মে পুলিশ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধে৵ আসামি আজিম উদ্দিন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তিনি জবানবন্দিতে বলেন, জয়নালের দোকানে মালামাল বিক্রি করতে গেলে তাঁর সঙ্গে ঝগড়া হয়। এই ঘটনার জেরে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

মনোরঞ্জন দাশ জানান, ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেন। দণ্ডাদেশ পাওয়া চার আসামির মধে৵ আজিম কারাগারে। বাকি তিনজন জামিনে গিয়ে পলাতক।