চট্টগ্রামে ব্যবসায়ী হত্যায় তিনজনের যাবজ্জীবন
চট্টগ্রামে মো. আবছার উদ্দিন নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল সোমবার বিকেলে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এই রায় দেন। আদালত একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন জাকির হোসেন, আমির হোসেন ও সাইফুল ইসলাম। মাদক ব্যবসার প্রতিবাদ করায় আসামিরা ক্ষুব্ধ হয়ে আবছারকে খুন করেন বলে তদন্তে উঠে আসে। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে সাইফুল পলাতক। বাকি দুজন কারাগারে।
আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ২২ অক্টোবর রাত ১০টার দিকে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিঙ্গাপুর মার্কেটের ফুল ব্যবসায়ী আবছার উদ্দিন হেঁটে বাসায় ফিরছিলেন। তাঁর বাসা থেকে মার্কেটের দূরত্ব আধা কিলোমিটার। আবছার আগ্রাবাদ শেখ মুজিব রোডের কেরানি পুকুরপাড়ে পৌঁছানোর পর ছয় থেকে সাতজন লোক তাঁকে ঘিরে ফেলে। এ সময় আবছারকে গুলি করে আসামি আমির হোসেন তাঁর সহযোগীদের নিয়ে পালিয়ে যান। গুলিবিদ্ধ আবছারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, হত্যার ঘটনায় আবছারের বড় ভাই মো. হানিফ বাদী হয়ে ডবলমুরিং থানায় আমিরসহ সাতজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০০০ সালের ১ মে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনের মধ্যে চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
ছোট ভাই হত্যার রায় শুনতে গতকাল আদালতে আসেন মামলার বাদী মো. হানিফ। আদালত প্রাঙ্গণে তিনি প্রথম আলোকে বলেন, আসামি আমির গুলি করে তাঁর ভাইকে হত্যা করে। অন্তত তাঁর ফাঁসির আদেশ হলে ভাইয়ের আত্মা শান্তি পেত। এই রায়ে তিনি অসন্তুষ্ট। আইনজীবীর সঙ্গে আলাপ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন তিনি।