চট্টগ্রামে ব্যবসায়ী হত্যায় দুজনের সাজা
চট্টগ্রামের ফটিকছড়িতে মো. লোকমান নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে দুজনকে সাজা দিয়েছেন আদালত। আজ রোববার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় দেন।
রায়ের আদেশে আসামি রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি ননাইয়াকে ১০ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এই আদালতের সরকারি কৌঁসুলি বি কে বিশ্বাস প্রথম আলোকে বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে রমজান আলী জামিনে গিয়ে পলাতক রয়েছেন। অপর আসামি ননাইয়া কারাগারে আটক আছেন। ১৯৯৬ সালের ২২ অক্টোবর পূর্ববিরোধের জের ধরে ফটিকছড়ির কাঞ্চননগরের কাঠ ব্যবসায়ী লোকমানকে পিটিয়ে আহত করা হয়। ওই দিন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা সুলতান আহমেদ বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ২০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।