চট্টগ্রামে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ নারীসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর নগ্ন ছবি তুলে রাখে চক্রটি। সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে টাকা আদায়ও করেছিল চক্রটি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মহিম আজম চৌধুরী, অনন্য বড়ুয়া, সুমন গাজী, মিজানুর রহমান ও তাঁর স্ত্রী জেমমিন আক্তার।
বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, ১৩ এপ্রিল সিমেন্ট ব্যবসায়ীকে নগরের রুবি গেট এলাকা থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাঁকে জিইসি এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে অন্য এক নারীর সঙ্গে নগ্ন ছবি তুলতে ব্যবসায়ীকে বাধ্য করা হয়। সে ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অপহরণকারীরা।
ওসি বলেন, অপহরণের সময় ব্যবসায়ীর কাছে থাকা ১৯ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ছাড়া বিকাশের মাধ্যমে তাঁর পরিবারের কাছ থেকে আরও ২০ হাজার টাকা নেওয়া হয়। আরও টাকা প্রদানের আশ্বাস দিয়ে ছাড়া পান তিনি। এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে ১৮ এপ্রিল থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।