চট্টগ্রামে ব্যবসায়ীর ঘুষিতে কুপোকাত ছিনতাইকারী
ব্যাংক থেকে টাকা তুলে হেঁটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে চট্টগ্রামে এক ব্যবসায়ীর পিছু নেয় ছিনতাইকারীরা। একপর্যায়ে ব্যবসায়ীর হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে চার ছিনতাইকারী। এ সময় তিনি ঘুষি মারলে মাটিতে পড়ে যায় ছিনতাইকারীদের একজন। টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যাচ্ছিল এই ছিনতাইকারী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের পাইকারি বাজার খাতুনগঞ্জে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার টেরি বাজারের কাপড় ব্যবসায়ী মো. সেলিম প্রথম আলোকে বলেন, খাতুনগঞ্জের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ১ লাখ ১৫ হাজার টাকা তুলে তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন। ছিনতাইকারীরা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তিনি এক ছিনতাইকারীকে ঘুষি মারেন। স্থানীয় লোকজন এসে মাটিতে পড়ে যাওয়া ওই ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। তার কাছ থেকে ছিনতাই হওয়া টাকাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় তিনি মামলা করেছেন।
কোতোয়ালি থানার এএসআই সাইফুল আজাদ বলেন, ওই ছিনতাইকারীর নাম শাহ আলম (৩৮)। বাকি তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিষয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ঈদের মৌসুমে খাতুনগঞ্জ ও টেরিবাজারে ছিনতাইকারীদের উৎপাত বেড়ে যায়।