চট্টগ্রামে ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বকশিরহাট পুলিশ বিট এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে এক ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই হয়েছে। এ সময় ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এক ছিনতাইকারীকে ধরে। কোতোয়ালি থানার পুলিশ জানায়, ব্যবসায়ী শ্যামল দত্ত একটি ব্যাগে তিন লাখ টাকা নিয়ে খাতুনগঞ্জের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হন। তিনি এ টাকা নিয়ে হেঁটে রাউজানের বাড়িতে যাচ্ছিলেন। পুলিশ বিট এলাকায় পৌঁছালে চার ছিনতাইকারী তাঁর ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় শ্যামলের চিৎকারে আশপাশের লোকজন এসে মৃণাল দাশকে (৫০) ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, ‘মৃণাল ধরা পড়লেও টাকা নিয়ে অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মৃণালের বাড়িও রাউজানে। ব্যবসায়ী শ্যামল এ ঘটনায় থানায় মামলা করেছেন।’এর আগে গত বুধবার সকালে পাহাড়তলী থানার কর্নেলহাট বাজারে ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় ছিনতাইকারীরা আরেক ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা লুট করে।