চট্টগ্রামে ব্যবসায়ীর বিরুদ্ধে আরেকটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রতারণার মাধ্যমে নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে নগরের একটি বেসরকারি ব্যাংক। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ হাসানুল ইসলামের আদালতে এই মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৫ জানুয়ারির মধ্যে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, বিবাদী আবু সাইদ চৌধুরী যমুনা ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখার নয় কোটি টাকা চেক প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় মামলাটি দায়ের করেন ব্যাংক কর্মকর্তা সাহাব উদ্দিন। ব্যবসায়ী আবু সাইদ চৌধুরী নগরের টেরিবাজারের জে এস প্লাজার মেসার্স ছিদ্দিক ট্রেডার্সের মালিক বলে এজাহারে উল্লেখ করা হয়। তিনি শহরতলির দক্ষিণ কাট্টলীর কামাল চেয়ারম্যান বাড়ির মৃত আবু ছিদ্দিক চৌধুরীর ছেলে। নগরের খাতুনগঞ্জের নুরুল আবছার চৌধুরী মার্কেটে তাঁর আরও একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে।এর আগে গত ১১ সেপ্টেম্বর সিটি ব্যাংক লিমিটেডের মোট ১৯ কোটি ৭২ লাখ ৯১ হাজার ৯০১ টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী আবু সাঈদ চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় আরেকটি মামলা করেছিলেন ওই ব্যাংকের কর্মকর্তারা। গতকালের মামলার পর বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবিব প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকের বিনিয়োগ-সুবিধার আওতায় ছিদ্দিক ট্রেডার্সকে নয় কোটি টাকা বিনিয়োগ মঞ্জুর করা হয়। টাকা পরিশোধের জন্য দুটি চেক দিলেও গত ১৭ সেপ্টেম্বর তা ডিজঅনার হয়ে ফেরত আসে। এরপর আইন অনুসারে নোটিশ দিলেও টাকা পরিশোধ না করায় মামলা করা হয়েছে।’মামলার বিষয়ে ব্যবসায়ী আবু সাইদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকের সঙ্গে আমরা নিয়মিত ব্যবসা করি। টাকা বাকি পড়েছে তা পরিশোধ করা হবে। এ বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আজ (মঙ্গলবার) ঢাকায় আলোচনা করছি। আশা করি সমাধান হয়ে যাবে।’