পণ্য আমদানির নামে বেসরকারি ব্যাংকের ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গত রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসানুল ইসলাম এ আদেশ দেন। আদালত আগামী ১৭ জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। চট্টগ্রাম নগরের টেরিবাজারের জেএস প্লাজার মেসার্স সিদ্দিক ট্রেডার্সের মালিক ওই ব্যবসায়ীর নাম আবু সাঈদ চৌধুরী। নগরের খাতুনগঞ্জ শাখা ‘দি সিটি ব্যাংক লিমিটেড’-এর মোট ১৯ কোটি ৭২ লাখ ৯১ হাজার ৯০১ টাকা আত্মসাতের অভিযোগে গত ১১ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানায় মামলাটি করা হয়। দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি করেন সিটি ব্যাংক লিমিটেডের আইন ব্যবস্থাপক এ বি এম জহিরুল ইসলাম।বেসরকারি সিটি ব্যাংকের আইনজীবী মেজবাহুল হাফেজ প্রথম আলোকে বলেন, ‘১৯ ডিসেম্বর মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। গত রোববার আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।’