সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি
চট্টগ্রামে ব্যস্ত সড়কে শিক্ষার্থীদের কর্মসূচি পালনে পুলিশের বাধা
২০১৭ সাল থেকে এসএসসি পরীক্ষার নতুন সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রাম নগরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জিইসি মোড় এলাকায় এ কর্মসূচি পালনের চেষ্টা করে শিক্ষার্থীরা।
সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের ছাত্র মেহেদী ইসলাম বলে, ২০১৭ সাল থেকে এসএসসি পরীক্ষায় নতুন সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে জিইসি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করতে চায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ তাদের সরিয়ে দেয়।
শিক্ষার্থীরা জানায়, ২০১৭ সাল থেকে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু এর জন্য সময় বাড়ানো হয়েছে মাত্র ১০ মিনিট। মোট সময় দেওয়া হয়েছে ২ ঘণ্টা ২০ মিনিট। আগে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হতো ২ ঘণ্টা ১০ মিনিটে। তাই এই পদ্ধতি বাতিল করতে হবে।
নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা জিইসি মোড়ে অবস্থান নিতে চেয়েছিল। কিন্তু ব্যস্ততম সড়ক হওয়ায় তাদের সেখানে কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।