চট্টগ্রামে ব্যাংকে ডাকাতির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চট্টশ্বেরী রোড শাখা অগ্রণী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে গ্যাস কাটার দিয়ে ব্যাংকের স্ট্রং রুমের চার স্তরবিশিষ্ট লোহার দরজা ও রড কেটে ভেতরে ঢোকার পরও ভল্ট খুলতে ব্যর্থ হয়ে ডাকাতেরা গ্যাস সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি ফেলে চলে যায়। ওই দিন রাতে ব্যাংকে ২৭ লাখ টাকা জমা ছিল বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, ডাকাতেরা লোহার দরজা কাটতে পারলেও ভল্ট কাটার আগে তিনটি সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। ফলে তারা ভল্ট থেকে টাকা নিতে ব্যর্থ হয়। তবে ডাকাতেরা ব্যাংকের একটি কম্পিউটার নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ ব্যাংকের দারোয়ান সাইদুল হককে (৩৫) খুঁজছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।নগর পুলিশের উপকমিশনার (ডিসি নর্থ) বনজ কুমার মজুমদার বলেন, দারোয়ানের সহায়তায় এ ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। ডাকাতেরা প্রথমে গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে গ্যাস কাটার দিয়ে স্ট্রং রুমের লোহার দরজা কাটে। এরপর গ্যাস শেষ হয়ে যাওয়ায় ভল্ট আর কাটতে পারেনি।গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন ব্যাংকের তালা খোলা দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের খবর দেন। খবর পেয়ে অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক শাহজাদা মহিউদ্দিন ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘ব্যাংকের ভল্টে প্রায় ২৭ লাখ টাকা ছিল। আমি আপাতত অন্য শাখায় টাকাটা স্থানান্তরের নির্দেশ দিয়েছি।’