চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চলার অনুমতি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সমাবেশ। বেলা একটায় ছবিটি তোলা l প্রথম আলো
ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সমাবেশ। বেলা একটায় ছবিটি তোলা l প্রথম আলো

চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা চলার অনুমোদন দেওয়ার দাবিতে গতকাল রোববার সকালে সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে রিকশার মালিক ও চালকেরা। এতে নগরের এ কে খান মোড় থেকে ভাটিয়ারী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ।
চট্টগ্রাম রিকশা ও ব্যাটারিচালিত রিকশাচালক-মালিক সংগ্রাম পরিষদ এবং চট্টগ্রাম সিটি রিকশাচালক-মালিক ফেডারেশনের ব্যানারে কয়েক শ সমর্থক গতকাল বেলা ১১টা ২০ মিনিট থেকে একটা ২৫ মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে আজ সোমবার নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সিটি করপোরেশন, মালিক সমিতি ও পুলিশ—ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টির মীমাংসার আশ্বাস পেলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘আমরা আন্দোলনকারীদের দাবি পূরণের»বিষয়টি বিবেচনা করতে সোমবার (আজ) বৈঠকের আশ্বাস দিলে তাঁরা মহাসড়ক অবরোধ তুলে নেন।’
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, গত ৩১ আগস্ট থেকে নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয় পুলিশ। কিন্তু আগে কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রায় ৫০ হাজার ব্যাটারিচালিত রিকশাচালক বেকার হয়ে পড়েন। এতে ক্ষুব্ধ চালক-মালিকেরা রাস্তায় নামেন। কয়েক দিনের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল তাঁরা মহাসড়ক অবরোধ করেন।
জানা গেছে, দুটি সংগঠনের ব্যানারে গতকাল সিটি গেটসংলগ্ন সিটি মেয়র এম মন্জুর আলমের বাসভবন ঘেরাও এবং সিটি গেট এলাকায় অবরোধ কর্মসূচি ছিল। মেয়রের বাসভবনের প্রবেশমুখে পুলিশ ব্যারিকেড দেওয়ায় রিকশার মালিক-চালকেরা সেদিকে যাননি। পুলিশের অনুরোধে তাঁরা রাস্তার পাশে একটি খোলা মাঠে অবস্থান নেন। কিন্তু বেলা ১১টা ২০ মিনিটের দিকে বেশ কয়েকজন আন্দোলনকারী হঠাৎ মহাসড়কে অবস্থান নেন, কেউ গামছা বিছিয়ে শুয়ে পড়েন। মহাসড়কে তাঁরা মিছিল-সমাবেশ করতে থাকেন।
দুটি সংগঠনের সমর্থকদের অবরোধের কারণে নগরের এ কে খান মোড় থেকে ভাটিয়ারী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে ওই মহাসড়কে চলাচলকারী মানুষ। বেলা পৌনে একটার দিকে সিটি গেট এলাকায় কথা হয় রডমিিস্ত্র বেলাল হোসেনের সঙ্গে। তিনি বাসে করে রংপুর থেকে চট্টগ্রাম আসছিলেন। অবরোধের কারণে সিটি গেট থেকে প্রায় এক কিলোমিটার দূরে নামতে হয় তাঁকে। সেখান থেকে স্ত্রী, ভাবি, খালা ও পাঁচ বছর বয়সী নাতনিকে নিয়ে হেঁটে রওনা হন নগরের চান্দগাঁওয়ের উদ্দেশে। বেলাল বলেন, অবরোধ জানলে এত কষ্ট করে বাড়ি থেকে আসতাম না। ফেনী থেকে বাসে করে চট্টগ্রাম আসার পথে ভাটিয়ারীতে অবরোধের মুখে পড়েন মো. শাহ আলম। সেখান থেকে মালপত্র নিয়ে আধা ঘণ্টা হেঁটে সিটি গেটে পৌঁছান তিনি।
বেলাল ও শাহ আলমের মতো চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে অন্যান্য গন্তব্যে বের হওয়া অসংখ্য মানুষ চরম দুর্ভোগের মুখে পড়ে।
মেয়রের বাসভবনে জরুরি বৈঠক: একপর্যায়ে দুপুর ১২টার দিকে মেয়রের বাসভবনে সমিতির নেতারা বৈঠকে বসেন। এতে মেয়র মন্জুর, সিটি করপোরেশনের সচিব রশিদ আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চট্টগ্রাম রিকশা ও ব্যাটারি রিকশাচালক-মালিক সংগ্রাম পরিষদের সভাপতি আবদুল কাদের মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দাবি করেন, নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সরকারের পক্ষ থেকে সাবেক মন্ত্রী হাছান মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। মেয়র এই উদ্যোগকে স্বাগত জানান এবং জনগণের স্বার্থে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান।
পরে পুলিশ কমিশনারের সঙ্গে ফোনে যোগাযোগের মাধ্যমে সোমবার (আজ) ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত হয়। বিষয়টি আন্দোলনকারীদের জানানো হলে তারা অবরোধ তুলে নেয়।
তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠকে কোনো সমাধান না হলে তাঁরা কাল মঙ্গলবার থেকে হরতালসহ কঠোর কর্মসূচির দেবেন।