উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পর থেকে চট্টগ্রাম মহানগরে ব্যাটারিচালিত রিকশার চলাচল কমে গেছে। ইতিমধ্যেই নগরের কয়েকটি জায়গায় পুলিশের বিক্ষিপ্ত অভিযানও হয়েছে। আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর থেকেই পুলিশ জোরেশোরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে নামবে।
৩ জুলাই হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচলের অনুমতি চেয়ে করা পৃথক রিট খারিজ করে রায় দেন উচ্চ আদালত। হাইকোর্ট বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রায়ের কপি হাতে পেলেই আমরা অভিযানে নামব।’
জানা যায়, ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশার মালিকদের বিভিন্ন সংগঠন ঢাকা ও চট্টগ্রাম নগর এলাকায় ওই যান চলাচলের পক্ষে লাইসেন্স চেয়ে সিটি করপোরেশনে আবেদন করে। আবেদনের নিষ্পত্তি না হওয়ায় চলাচলের অনুমতি ও চলাচলে বাধা না দিতে নির্দেশনা চেয়ে সংগঠনগুলোর পক্ষে পৃথক পাঁচটি রিট হয়। আদালত চারটি রিট খারিজ করে দিয়েছেন। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এ ধরনের রিকশা বৈধভাবে চলার কোনো সুযোগ নেই।
রিকশাচালক ও মালিকদের সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বর্তমানে প্রায় অর্ধ লাখের কাছাকাছি। নগরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিতে-গলিতে রয়েছে এই রিকশার চলাচল। তবে আদালতের রায় ঘোষণার পর থেকে হঠাৎ করেই বদলে যেতে থাকে দৃশ্যপট। আবার নগরে ভিড় জমাতে থাকে প্যাডেলচালিত রিকশা। আগ্রাবাদ এলাকায় প্যাডেলচালিত রিকশাচালক অহিদ উল্লাহ অভিযোগ করেন, ‘ব্যাটারিচালিত রিকশার কারণেই যানজট লেগে থাকত। এহন দেখেন রাস্তাঘাট কত পরিষ্কার।’
ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে নাগরিকসমাজে রয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। দুর্ঘটনার শিকার নগরের হালিশহর এলাকার বাসিন্দা মোতাহার হোসেন বলেন, ‘দ্রুত গন্তব্যে পৌঁছার জন্য ব্যাটারিচালিত রিকশায় চড়তাম। কিন্তু চালকেরা খেয়ালখুশিমতো রিকশা চালায়। এক সপ্তাহ আগে আমি হালিশহর বাসা থেকে আগ্রাবাদ আসার সময় বড় পোল এলাকায় রিকশা উল্টে যাওয়ায় পায়ে প্রচণ্ড আঘাত পাই। এখনো পায়ের ব্যথা কমেনি।’
এদিকে আদালতের রায় শুনে সিএনজিচালিত অটোরিকশা এবং প্যাডেলচালিত রিকশা চালক-মালিকদের সংগঠনগুলো আজ সোমবার নগরে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল। পরে তা স্থগিত করে।
চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রাম মহানগর রিকশামালিক পরিষদের প্রধান উপদেষ্টা ওয়াজি উল্লাহ বলেন, ‘সিটি মেয়র ও পুলিশ কমিশনার মহোদয়ের পরামর্শে আমরা আপাতত আনন্দ শোভাযাত্রা কর্মসূচি স্থগিত করেছি।’
জানা যায়, গত শনিবার সংগঠনগুলোর পক্ষ থেকে ডাকা বৈঠকে আনন্দ শোভাযাত্রা এবং আদালতের রায় কার্যকরের ব্যাপারে সিটি মেয়র ও পুলিশ কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি হাতে নেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর রিকশামালিক পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া বলেন, ‘আমাদের প্রায় দেড় বছরের আন্দোলন-সংগ্রামের সাফল্য এটি। তাই আমরা এ অর্জনকে উদ্যাপন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এত দিন সাধারণ রিকশাচালক এবং সিএনজিচালিত অটোরিকশা চালকদের ভাড়াও প্রায় শূন্যের কোঠায় নেমে আসে।’
ব্যাটারিচালিত রিকশাচালক-মলিকদের পক্ষে চট্টগ্রাম মহানগর রিকশাচালক-মালিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আদালতের নির্দেশে রমজান-ঈদের এ সময়ে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা হলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। চালক, মালিক, যন্ত্রাংশ বিক্রেতা, কারিগর মিলে প্রায় এক লাখ লোক জড়িত এ ব্যাটারিচালিত রিকশার সঙ্গে।’