চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশার নম্বরপ্লেটের জমজমাট বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার নম্বরপ্লেট বিক্রির জমজমাট ব্যবসা চলছে। সেই সঙ্গে মামলার খরচের নামে চলছে নীরব চাঁদাবাজিও।
উচ্চ আদালতের রায়ে ব্যাটারি রিকশার চলাচলে নিষেধাজ্ঞার পর থেকে বিভিন্ন মালিক সমিতির নামে এই বাণিজ্য চলছে বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, প্রতিটি প্লেট বাবদ নেওয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ টাকা। আর মামলা পরিচালনার খরচ হিসেবে চালক-মালিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা চাঁদা।
চট্টগ্রাম ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতি, চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক ফোরাম, চট্টগ্রাম ব্যাটারিচালিত রিকশা চালক-মালিক ঐক্যজোট প্রভৃতি সংগঠনের নামে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ জুলাই হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ব্যাটারিচালিত ও ইঞ্জিনচালিত রিকশা চলাচলের অনুমতি চেয়ে করা পৃথক রিট খারিজ করে দেন। এরপর এসব সমিতির নেতারা তাঁদের দেওয়া নম্বরপ্লেট ব্যবহারের পরামর্শ দেন। পুলিশ এসব রিকশা চলাচলে বাধা দেবে না বলে তাঁরা আশ্বস্ত করেন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের বিষয় আমার জানা নেই। আমরা খোঁজ নিয়ে দেখব।’
ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে এ কে এম শহিদুর রহমান বলেন, ‘এখনো আদালতের রায়ের কপি পাইনি। কপি পাওয়ার পরেই আমরা অভিযানে নামতে পারব।’
ব্যাটারিচালিত বিভিন্ন রিকশার পেছনে লাগানো নম্বরপ্লেটে সমিতির নাম, সদস্য নম্বর এবং সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরের পাশাপাশি সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকের নামসহ বেশ কিছু নাম ও টেলিফোন নম্বর দেওয়া থাকে।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক ফোরামের সভাপতি আবদুল কাদের মজুমদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
চট্টগ্রাম ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম বলেন, ‘২৯ মে আমাদের রিটের মেয়াদ শেষ হওয়ার পর তা আবার বাড়ানো হয়। এখনো রিট খারিজের কোনো কাগজপত্র না পাওয়ায় নতুন মেয়াদ উল্লেখ করে আমাদের সদস্যদের প্লেট সরবরাহ করছি। এ জন্য পুরোনো সদস্যদের কাছ থেকে ১০০ এবং নতুনদের কাছ থেকে ৩০০ টাকা করে নিচ্ছি। এর বাইরে কারও কাছে প্লেট বিক্রি করছি না।’
মামলার জন্য টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে খায়রুল অন্যান্য সমিতির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন, ‘অনেকেই আমার রিট পিটিশন নম্বর (২৭০৩) ব্যবহার করে প্লেট ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা তো কখনো কোনো মামলাই করেনি। তারা কিসের মামলা পরিচালনা করবে। আমি এখন ঢাকায় আছি। রিট খারিজের নথিপত্র হাতে পাওয়ার পরে আপিল করব।’