চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান আপাতত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান আপাতত বন্ধ রাখবে চট্টগ্রাম মহানগর পুলিশ। আগামী ১৮ জুন এ বিষয়ে আপিল বিভাগে শুনানির দিন ধার্য আছে।
গত ২৩ মার্চ চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে পুলিশ প্রশাসন। সিএনজিচালিত অটোরিকশার মিটার ঠিক না করে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়ায় নগরের পরিবহন ব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। সিটি করপোরেশন নির্বাচনের দুদিন আগে ২৬ এপ্রিল থেকে সীমিত আকারে ব্যাটারিচালিত রিকশা চলাচল আবার শুরু হয়।
পুলিশ সূত্র জানায়, ব্যাটারিচালিত রিকশার মালিকদের একটি সংগঠন হাইকোর্টে গিয়েছিল। উচ্চ আদালত সংগঠনটির আবেদন খারিজ করে দেন। এরপর সংগঠনটি আপিল বিভাগে যায়। এ বিষয়ে আগামী ১৮ জুন শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান বলেন, এ অবস্থায় কী করণীয় তা জানতে তাঁরা অ্যাটর্নি জেনারেলের কাছে মতামত চেয়ে চিঠি দিয়েছেন। তাঁর মতামত অথবা আপিল বিভাগের আদেশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সিটি নির্বাচনের আগে ১৯ এপ্রিল ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক লীগের একটি সমাবেশ নগরের দামপাড়ায় অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বক্তৃতা করেন। তিনি ওই সময় প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, আ জ ম নাছির উদ্দিন মেয়র নির্বাচিত হলে ব্যাটারিচালিত রিকশা চলাচলের জন্য আইনি সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে তিনি নিজেই ভালো আইনজীবী নিয়োগ করবেন, যাতে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চলাচল অব্যাহত থাকে।
ব্যাটারিচালিত রিকশার মালিক ও চালকসহ সর্বস্তরের লোকজনের অভিমত, চট্টগ্রামের সড়কগুলো উঁচু-নিচু। প্যাডেলচালিত রিকশা দিয়ে যাত্রী পরিবহন কষ্টকর। তবে এ অভিযোগও সঠিক যে ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনার কবলে বেশি পড়ে।
চট্টগ্রাম সিটি রিকশা মালিক ফেডারেশনের সভাপতি ছালামত আলীর দাবি, আড়াই বছর আগে ব্যাটারিচালিত রিকশা চালুর শুরুর দিকে কিছু দুর্ঘটনা ঘটেছিল। ছয় মাসের মধ্যে চালকেরা দক্ষ হয়ে ওঠেন। ফলে গত দেড়-দু বছরে কোনো দুর্ঘটনা ঘটেনি।