চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বিশাল শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছে। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে। আজ শনিবার সকাল ১০টায় নাসিমন ভবন চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। বিএনপির সূত্র জানায়, আজকের শোভাযাত্রা সফল করতে নগরের ৪১টি ওয়ার্ড ও ১১টি থানা কমিটির নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা তৃণমূলপর্যায়ে কর্মী-সংগঠকদের উদ্বুদ্ধ করেন বলে জানা গেছে। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘আমরা গতানুগতিক কর্মসূচির বাইরে এসে ব্যতিক্রমধর্মী আমেজে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি নিয়েছি। এবার নগরে কোনো পোস্টার সাঁটানো হয়নি। তবে শোভাযাত্রায় ডিজিটাল ব্যানারে কার্টুনের মাধ্যমে সরকারের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা হবে। বিএনপির ১৯ দফা কর্মসূচির প্রতিটি দফা আলাদা করে ডিজিটাল ব্যানারে তুলে ধরা হবে।’সূত্র জানায়, প্রায় সাড়ে তিন মাস বিএনপির বড় ধরনের কোনো কর্মসূচি চট্টগ্রামে চোখে পড়েনি। কারণ, গত ১৩ মে নগরে ১৮ দলীয় জোটের কর্মসূচি পালন নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এর জের ধরে চট্টগ্রাম নগরে ওই দিন তিনটি গাড়ি পোড়ানো হয়। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোতোয়ালি ও খুলশী থানায় দ্রুত বিচার আইনের তিনটিসহ মোট ছয়টি মামলা হলে বেশির ভাগ দলীয় নেতা-কর্মী গা ঢাকা দেন। আর ঝিমিয়ে পড়ে বিএনপির রাজনীতি। আজকের কর্মসূচি সফল হলে দলীয় নেতা-কর্মীরা উদ্বুদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে।