চট্টগ্রামে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে দক্ষিণ পাহাড়তলীর বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর পাঁচ মিনিট আগে স্কুল মাঠে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে ১৫-২০ জন যুবক এসে ব্যালট পেপার ছিনতাই করে সেখানে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীর পক্ষে সিল মারে বলে অভিযোগ পাওয়া গেছে।

কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মমতাজ হোসেন জানান, কেন্দ্রে কিছু যুবক ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করে। এর পর তাঁরা কিছু পেপারে সিল মেরে বাক্সে ফেলে। এর মধ্যে পুলিশ চলে আসায় তাঁরা পালিয়ে যায়। পরে দেখা যায় বাইরে পড়ে থাকা ৪২টি ব্যালটে হাতি প্রতীকে সিল মারা এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তৌফিক আহমেদ চৌধুরীর ঘুড়ি প্রতীকে ৮১টি ব্যালট বাক্সে সিল মারা।

পাশের রুমের সহকারী প্রিসাইডিং অফিসার সুলতান মাহমুদ বলেন, ওই যুবকেরা কিছু ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরে ব্যালট বাক্সে ফেলেছে। তারা চলে যাওয়ার পরও বাইরে সিল মারা অবস্থায় ৫৩টি ব্যালট পাওয়া যায়। সেগুলোতে ‘ঘুড়ি’ প্রতীকে সিল মারা ছিল।

প্রিসাইডিং অফিসার জাকির হোসেন ককটেল বিস্ফোরণে কথা জানান। কিন্তু ব্যালট ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আপনারা দেখেছেন। আমি কী বলব?’

ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক এসআই হায়দার আলী আকন্দ বলেন, ভোট গ্রহণ শুরুর আগে কে বা কারা ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ায়। ব্যালট পেপার ছিনতাইয়ের বিষয়ে আমি কিছু জানি না। প্রিসাইডিং অফিসার জানেন।

এই কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই। এখানে কাউন্সিলর প্রার্থী তিনজন।

সংরক্ষিত মাহিলা ওয়ার্ড (১,২,৩) নারী কাউন্সিলর প্রার্থী ফেরদৌস বেগম অভিযোগ করেন, এখানে এক ঘণ্টা-দেড় ঘণ্টা ধরে ভোটারেরা আসতে পারছেন না। তাঁর কর্মীদের আসতে বাধা দেওয়া হচ্ছে। এখানে ভোট গ্রহণে কারচুপি হচ্ছে। ব্যালট পেপার ছিনতাই হচ্ছে।

সকাল ১০টা ১০ মিনিটে কেন্দ্রে আসেন বিচা​রিক হাকিম নূরে আলম। তিনি জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি এখানে আসেন। ​ সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা তাঁকে কোনো ব্যালট পেপার ছিনতাইয়ের কথা জানাননি। তিনি সাংবাদিকদের কা​ছ থেকেই এ বিষয়ে শুনলেন।

চট্টগ্রামে আওয়ামী ল​ীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দীন। তাঁর নির্বাচনী প্রতীক ‘হাতি’।