চট্টগ্রামে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে
চট্টগ্রামের বাজারে দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২০ টাকা। গতকাল শনিবার নগরের ষোলশহরের কর্ণফুলী কমপ্লেক্সে এবং চৌমুহনী এলাকার সিডিএ কর্ণফুলী মার্কেটে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৬০ টাকায়। দেশি মুরগির দর কেজিপ্রতি ৩৬০ টাকা।
সিডিএ কর্ণফুলী মার্কেটের বিক্রেতা আবদুল গণি প্রথম আলোকে জানান, দুই সপ্তাহ আগে কেজিপ্রতি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৪০-১৪৫ টাকায়। তাঁর দাবি, চাহিদা যেভাবে বেড়েছে সরবরাহ সেভাবে না বাড়ায় বিক্রেতারা বাড়তি দামে বিক্রি করছেন।
পোলট্রি মালিকেরা বলছেন, খামার থেকে রোজার আগে যে দামে সরবরাহ হতো, এখনো একই দামে বিক্রি হচ্ছে। খামার থেকে ১২০-১২২ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রকিবুর রহমান প্রথম আলোকে বলেন, খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম বাড়েনি, বরং চাহিদা কম। লোকসানে আছেন খামারিরা। খুচরা পর্যায়ে দাম বাড়লে সেটি মধ্যস্বত্বভোগীদের কারণে হতে পারে।
মুরগি ছাড়াও মাছের দামও কিছুটা বেড়েছে। ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্সে দেখা যায়, লইট্টা মাছের দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছ কেজিপ্রতি ২৮০ টাকা, কাতাল কেজিপ্রতি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশ মাছের দাম এখনো বাড়তি। কেজিপ্রতি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা।
মাছ বিক্রেতারা জানান, সাগরে উত্তাল ঢেউয়ের কারণে মাছ আহরণের পরিমাণ কমেছে। এ কারণে সাগর থেকে মাছ আসছে কম। এখন বাজারে পুকুর ও জলাশয়ে চাষের মাছ বেশি পাওয়া যাচ্ছে।