চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের আসাদগঞ্জ শাখায় অগ্নিকাণ্ড
চট্টগ্রাম নগরের আসাদগঞ্জ এলাকায় ব্র্যাক ব্যাংকের একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে ব্যাংকের বিভিন্ন মালামাল ও কাগজপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ছয়তলা ভবনের দোতলায় ব্যাংকটি অবস্থিত। রাত ১২টার দিকে শর্টসার্কিট (বৈদ্যুতিক গোলযোগ) থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ব্যাংকের একজন কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে নন্দনকানন ও লামারবাজার ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। দিবাগত রাত দুইটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে ব্যাংকের কয়েকটি কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর দিয়েছিলেন ব্র্যাক ব্যাংকের নিরাপত্তা শাখার কর্মকর্তা মো. হামিদুর রহমান। গতকাল সোমবার তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রাহকের টাকা ব্যাংকের ভল্টে রাখা ছিল। আগুন ভল্ট পর্যন্ত পৌঁছায়নি। এ ছাড়া ভল্টের বাইরে আগুন নেভানোর স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে।