চট্টগ্রামে বড় ভাই খুন করল ছোট দুই ভাইকে
চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর এলাকায় বড় ভাই তাঁর ছোট দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে জায়গাজমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ব্যক্তিরা হলেন আবু সুফিয়ান (৪৮) ও আবু মোরশেদ (৩৫)। তাঁরা সুলতানপুর এলাকার কাজীপাড়ার কাজীবাড়ির মৃত আবদুল মালেকের ছেলে। অভিযুক্ত বড় ভাই আবুল কালাম ঘটনার পর থেকেই পলাতক। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিন ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। একই কারণে গতকাল সকালে তিন ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে বড় ভাই কালাম ঘরের ভেতর থেকে ছোরা নিয়ে এসে দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। একপর্যায়ে দুই ভাই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায়। রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সুফিয়ান মারা যান। মোরশেদ দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, জায়গাসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই কালাম দুই ভাইকে ছুরিকাঘাত করে খুন করেন। কালাম পলাতক রয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।