চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ হামজারবাগ এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ছোট ভাইয়ের নাম মনা সিকদার (৩০)। বাসা ভাড়া আদায় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই আজাদ সিকদার মনা সিকদারকে ছুরিকাঘাত করে খুন করেন বলে পুলিশ জানায়।
মনা সিকদারের স্ত্রী জুই আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীর বড় ভাই আজাদ সিকদার দীর্ঘদিন ধরে ভাড়াটিয়াদের কাছ থেকে বাড়ির ভাড়া নিজেই আদায় করতেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাসায় বাগবিতণ্ডতা হলে একপর্যায়ে আমার স্বামীকে ছুরিকাঘাত করে।’ তিন বলেন, গুরুতর আহত অবস্থায় মনাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক বলেন, ‘পাঁচলাইশ হামজারবাগ মোমিনবাগ এলাকায় বাসা ভাড়া আদায় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডতা হয়। একপর্যায়ে বড় ভাই ছোট ভাইকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।’ তিনি বলেন, নিহত ব্যক্তির বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দোকান ও ট্রলারের ব্যবসা রয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি ফারুক।