চট্টগ্রামে বড়দিন উদ্যাপন
নানা অনুষ্ঠানে চট্টগ্রামে পালিত হয়েছে বড়দিনের উৎসব। গত সোমবার রাত থেকে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। প্রার্থনা, সমবেত সংগীত ও বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছাবিনিময়ের মাধ্যমে চলে বড়দিন উদ্যাপন। বিশ্ব শান্তি কামনা করে চট্টগ্রামের গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয় প্রার্থনা।চট্টগ্রাম ধর্মপ্রদেশের অধীনে নগরের পাথরঘাটা, পাহাড়তলী, আনোয়ারা, বাঁশখালীসহ বিভিন্ন স্থানে বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়। সোমবার রাত নয়টা ও রাত ১২টায় দুই দফা প্রার্থনা অনুষ্ঠিত হয় পাথরঘাটার পবিত্র জপমালা রানীর গির্জায়। মোম জ্বালানো হয় বিভিন্ন সমাধিতে।গতকাল মঙ্গলবার সকাল থেকে ভিড় বাড়ে গির্জায়। এ সময় খ্রিষ্টানধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ গির্জায় ভিড় করে। বিকেলে বিশিষ্টজনেরা শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম ধর্মপ্রদেশের বিশপ ও ফাদারদের সঙ্গে। এ সময় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় পাথরঘাটা গির্জায়।গির্জাগুলো সাজানো হয় বর্ণিলভাবে। এ ছাড়া ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন। পিঠা-পুলি, কেক ইত্যাদি খাবারে অতিথি আপ্যায়ন করা হয়। এ ছাড়া ঘরে ঘরে ক্রিসমাস ট্রিও সাজানো হয়েছে।ক্যাথলিক ছাড়াও বেপটিস্ট সম্প্রদায় বড়দিন উদ্যাপন করছে প্রার্থনা ও নানা উৎসবের মধ্য দিয়ে। নগরের পেনিনসুলা, ওয়েল পার্কসহ বিভিন্ন আবাসিক হোটেলেও চলছে বড়দিনের উৎসব।