চট্টগ্রামে বড়দিন উদ্যাপিত
চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদ্যাপিত হয়েছে।
বড়দিন উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় নগরের পাথরঘাটা পবিত্র জপমালা রানির ক্যাথিড্রাল গির্জায় গিয়ে খ্রিষ্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহামঞ্চদ মন্জুর আলম। এ সময় চট্টগ্রাম ধর্মপ্রদেশের বিশপ মজেস কস্তাকে সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন মেয়র।
এর আগে বিশপ মজেস কস্তা তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘দেশের এক অস্থির সময়ে আমরা বড়দিন উদ্যাপন করছি। আমরা দেশ ও জাতির শান্তি কামনা করে প্রার্থনা করেছি।’ তিনি বলেন, ‘আমাদের শিক্ষা ও চিকিৎসাকার্যে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।’
বড়দিন উপলক্ষে সন্ধ্যায় গির্জাসংলগ্ন বিশপ হাউস প্রাঙ্গণে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিশপ, গির্জার পাল-পুরোহিত ফাদার লেনার্ড রিবেরু ও ফাদার প্রদীপ গ্রেগরী শুভেচ্ছা বিনিময় করেন। ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, চট্টগ্রামে রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল অলেগ পি. ব্যকো, চট্টগ্রামে জাপান কনস্যুলেটের অনারারি কনসাল জেনারেল মুহমঞ্চদ নুরুল ইসলামসহ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয় গির্জায়। এ ছাড়া গতকাল সকালেও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
কারাগারে বড়দিন: মামলায় আটক হয়ে চার দেয়ালে বন্দী তাঁরা। কিন্তু থেমে থাকেনি তাঁদের বড়দিন উদ্যাপন। গতকাল বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক দুই খ্রিষ্টানধর্মাবলম্বী বড়দিন উদ্যাপন করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, সকালে দুই বন্দীকে ফুল দিয়ে মিশনারির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া তাঁদের মিষ্টিমুখ করানো হয় এবং উন্নতমানের খাবার দেওয়া হয়। স্বজনেরাও তাঁদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন। পরে দুই বন্দী ওয়ার্ডে নিজেদের মতো করে বড়দিন পালন করেন। অন্য সাধারণ বন্দীদেরও দুজনকে বড়দিনের শুভেচ্ছা জানাতে দেখা গেছে।