চট্টগ্রামে বড়দিন উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে উৎসাহ-উদ্দীপনা ও ভাবগম্ভীর পরিবেশে গতকাল রোববার উদ্যাপিত হয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। দিনটির বিশেষ প্রার্থনায় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা দেশের সুখ-সমৃদ্ধির পাশাপাশি বিশ্বশান্তি কামনা করেছেন। বড়দিনের মূল আয়োজন হয় ২৫ ডিসেম্বর প্রথম প্রহর থেকে। তবে এর আগে থেকেই খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বাসায় বাসায় বড়দিন উদ্যাপনের প্রস্তুতি শুরু হয়। ক্রিসমাস ট্রি সাজানোর ধুম পড়ে যায়। শিশু থেকে শুরু করে সব বয়সী নর-নারীর মধ্যে ছিল উৎসাহ। বাড়ি বাড়ি গিয়ে সান্তাক্লস বিতরণ করেছে নানা উপহারসামগ্রী। গির্জাগুলো সেজেছিল আলোকসজ্জায়। নগরের পাথরঘাটা গির্জায় ২৪ ডিসেম্বর রাত সাড়ে নয়টায় প্রথম বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়। এর পর রাত ১২টায় এখানে দ্বিতীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে দেশের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়। পাশাপাশি নগরের জামালখানসহ অন্যান্য স্থানের গির্জায়ও অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। প্রার্থনার পাশাপাশি ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় পাথরঘাটা গির্জায় বড়দিনের কেক কাটা হয়। এ সময় সিটি মেয়র এম মন্জুর আলম ও বিশপ মজেশ এম কস্তা বক্তব্য দেন। এ অনুষ্ঠানে খ্রিষ্টান ধর্মাবলম্বী ছাড়াও চট্টগ্রামের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সিটি মেয়র এম মন্জুর আলম বলেন, ‘চট্টগ্রামে সব জাতিগোষ্ঠী সম্প্রীতির মধ্যে বসবাস করছে। এই সম্প্রীতি অটুট থাকবে। আমরা সবাই দেশ ও জাতির জন্য কাজ করে যাব।’ বড়দিনে বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম ধর্মপ্রদেশের বিশপ মজেশ এম কস্তা। তিনি বলেন, ‘বড়দিন আমাদের কাছে শান্তির বারতা নিয়ে আসে।’