চট্টগ্রামে ভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকায় সাততলা ভবনের দোতলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ফ্ল্যাটে কেউ ছিল না। ধোঁয়ায় ভবনের চার বাসিন্দা অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া প্রথম আলোকে বলেন, সুগন্ধা আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ৮১ নম্বর ভবনের দোতলার একটি ফ্ল্যাটে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় ফ্ল্যাটে কেউ ছিল না। কেউ অগ্নিদগ্ধ না হলেও ধোঁয়ায় ভবনের অন্য ফ্ল্যাটের চারজন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ধোঁয়ায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।