চট্টগ্রামে ভবিষ্যতে হরতাল করতে দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল সোমবার হরতালবিরোধী সমাবেশ করেছে নগর আওয়ামী লীগের একাংশ। এতে নেতারা বলেন, ভবিষ্যতে চট্টগ্রামে আর হরতাল করতে দেওয়া হবে না। এখন থেকে যেখানেই পিকেটিং হবে, সেখানেই প্রতিহত করা হবে।নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা গতকাল বিকেল পাঁচটার দিকে দারুল ফজল মার্কেট চত্বরে এ সমাবেশের আয়োজন করে। নগর কমিটির যুগ্ম সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের সমর্থকদের অবশ্য রাজপথে দেখা যায়নি। দারুল ফজল মার্কেট চত্বরের সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘হরতালের নামে বিএনপির নেতারা অনেক গুন্ডামি করেছেন। রাস্তায় মানুষ ও পুলিশ পিটিয়েছেন। অনেক ধৈর্য্য ধরেছি, আর নয়। এবার আমরা হরতালবিরোধী কার্যক্রম শুরু করব। আগামীতে হরতাল প্রতিরোধে আমরা সরাসরি মাঠে থাকব।’প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সমাবেশ শুরুর আগে থেকেই ওই এলাকায় পুরোদমে যান চলাচল শুরু হয়। কিন্তু দারুল ফজল মার্কেটের সামনে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ রেখে সমাবেশ করা হয়। এ কারণে সড়কের ওই অংশ দিয়ে গাড়ি চলাচল করতে পারেনি।