চট্টগ্রামে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থ মানুষের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বিক্রয়কেন্দ্রে প্রতি কেজি চাল ২০, চিনি ৪৫ ও ২ লিটার ভোজ্যতেলের বোতল ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের আগ্রাবাদে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। মেট্রোপলিটন চেম্বার কার্যালয়ের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, পরিচালক এম এ মালেক প্রমুখ।
মেট্রোপলিটন চেম্বারের নেতারা জানান, পবিত্র রমজানের পুরো মাস প্রতিদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে। জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি চিনি ও ২ লিটারের ভোজ্যতেলের বোতল কেনা যাবে। বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি রমজানে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। দরিদ্র মানুষ এ কার্যক্রম থেকে উপকৃত হবে।
শিগগিরই নগরের আরও কয়েকটি জায়গায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করা হবে বলে জানান মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী। তিনি বলেন, দরিদ্র মানুষের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।