চট্টগ্রামে ভাষাশহীদদের স্মরণ
ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম। এরপরই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দেন।
সকালে শহীদ মিনারের দিকে হাজারো মানুষের ঢল নামে। এ সময় ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের বেদি। আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এ ছাড়া সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশ–ভারত মৈত্রী সমিতি ও বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালিত হয়। সকালে নগরের চেরাগী পাহাড় মোড়ে আয়োজন করা হয় স্বরচিত কবিতার পাঠের আসর। চট্টগ্রামের কবিরা সেখানে কবিতা পাঠ করেন।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন আলোচনা সভার আয়োজন করে। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার। আলোচনায় অংশ নেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজে সহসভাপতি নিরুপম দাশগুপ্ত প্রমুখ।