চট্টগ্রামে ভাড়াটেরওপর বাড়ির মালিকের হামলা, থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাপ্তাই সড়কের ওয়াপদা কলোনি এলাকায় বাড়ির মালিকের বিরুদ্ধে ভাড়াটে ও তাঁর স্ত্রীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে গত শুক্রবার বিকেলে হাটহাজারী থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন মো. তারেক, মো. আজম ও বেবি আক্তার।জানা গেছে, তারেকের বাড়ির ভাড়াটে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী মো. বেলায়েত হোসেন। তারেক চট্টগ্রাম বিশ্ববিদালয়ে চাকরি করেন। তারেক অযৌক্তিকভাবে বাড়ি ভাড়া বেশি দেওয়ার জন্য বেলায়েতকে চাপ দিচ্ছিলেন এবং অগ্রিম টাকা সমন্বয়ে গড়িমসি করছিলেন। অযৌক্তিক দাবির প্রতিবাদ করায় সহযোগীদের নিয়ে বাড়ির মালিক গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেলায়েত ও তাঁর স্ত্রী খাদিজা বেগমের ওপর চড়াও হন। দুজনকে তাঁরা বেদম মারধর করেন। এ সময় বেলায়েতের স্ত্রীর এক ভরি ওজনের স্বর্ণের চেইন খোয়া যায়।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, বেলায়েত ও তাঁর স্ত্রীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।বেলায়েত বলেন, ‘মজিদ মঞ্জিলের মালিক মো. তারেককে তাঁর বাড়িতে ওঠার সময়ে আমি অগ্রিম হিসেবে ৮০ হাজার টাকা দিয়েছি। এই টাকা সমম্বয় না হওয়া পর্যন্ত তিনি ভাড়া বাড়াবেন না বলে কথা দিয়েছিলেন। প্রতিশ্রুতি থেকে সরে এসে তিনি এখন ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন ও আমার দেওয়া অগ্রিম টাকা সমম্বয় করতে গড়িমসি করছেন। এর প্রতিবাদ করায় তারেক আমার স্ত্রী ও আমার ওপর হামলা চালান।’